ভোটের মুখ বিপর্যয়! কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রার্থী পদ না পেয়ে নতুন দায়িত্বে অভিনব ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের ঘোষিত প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়েছে। সূত্রের খবর, তাঁর হলফনামায় একাধিক ত্রুটি এবং সরকারি কাজে যুক্ত থাকার কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাঁর প্রার্থী পদ বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনব ভট্টাচার্যকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অন্যদিকে, ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ দত্ত।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, “টেকনিক্যাল কারণে অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পাশ হয়নি। বিকল্প প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত প্রার্থী হয়েছেন। অভিনব রেসের প্রথম রানার ছিলেন, আজ তাঁর হাতের ঝান্ডা সোমনাথের হাতে পাস করা হল।” এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর উত্তরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

