নয়াদিল্লি: ‘সিস্টেম ভেঙে পড়ছে! আর এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী পদে থাকবেন না নরেন্দ্র মোদী’, এক সভায় বক্তব্য দিতে গিয়ে বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার।
জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে আর এক বছরের মধ্যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে থাকবেন না। আদিবাসী সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, যে সিস্টেম একসময় মোদীর নিয়ন্ত্রণে ছিল, সেটাই এখন তাঁর কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। রাহুলের বক্তব্য অনুযায়ী, সিস্টেমের ভেতর থেকে ঝাঁকুনি আসছে এবং মোদি, অমিত শাহ, অজিত দোভাল ও তাঁদের ঘনিষ্ঠদের সম্পর্কে একের পর এক তথ্য তাঁর কাছে পৌঁছচ্ছে।
তিনি আরও দাবি করেন, মোদি ভয়ংকর অস্বস্তির মধ্যে রয়েছেন এবং জনরোষ থেকে বাঁচতে জরুরি অবস্থার মতো কোনও পদক্ষেপ নিতে পারেন। রাহুল বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে বার্তা আসছে, যা প্রমাণ করে সিস্টেম ভেঙে পড়ছে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, রাহুলের এই মন্তব্য মোদি সরকারের জন্য অশনিসংকেত।

