কলকাতা: ‘বিধানসভার ইতিহাসে এই প্রথম। নির্দিষ্ট একজনকে বলতে দেওয়া হবে না… বালিশ চাটনদের তোল্লা আর আমার কণ্ঠরোধ’, বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সাসপেন্ড করে ঘাড়ধাক্কা দেওয়ার ঘটনায় সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন তিনি।
তিনি লিখেছেন, “বিধানসভার ইতিহাসে এই প্রথম, নির্দিষ্ট একজনকে বলতে দেওয়া হবে না। শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন, অথচ স্পিকার-পোষিত বিরোধী মুখ্যসচেতক আখরুজ্জামান আমার নাম কাটছেন।”
কুণাল জানান, স্বরাষ্ট্র বাজেট বিতর্কেও তাঁর নাম বাদ দেওয়া হয়। আখরুজ্জামান তাঁকে বলেন, নির্দেশ আছে তাঁর নাম কেটে দেওয়ার। এর পরেই তিনি প্রতিবাদ করেন এবং মার্শাল দিয়ে তাঁকে বাইরে বার করে দেওয়া হয়।
সাসপেন্ড হওয়ার পর কুণাল সোশাল মিডিয়ায় লেখেন, “বালিশ চাটনদের তোল্লা আর আমার কণ্ঠরোধ। এত ভয়?” তাঁর দাবি, বিজেপি চাইছে সরকারও তাদের, বিরোধীও হবে তাদের পোষা।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা এবং অভিষেক। তাঁদের মন্তব্য, ‘এই প্রবণতা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক’। অভিষেকের হুঁশিয়ারি, ”তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখিয়ে বা বলপ্রয়োগ করে কখনও স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আরও দৃঢ়ভাবে, আরও ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাব।”

