কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্ব এবার ইসকনের হাতে তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না। কেউ জোর করবে না। ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন।”
বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এতদিন পড়ুয়া পিছু মিড ডে মিলের জন্য বরাদ্দ ছিল মাত্র সাড়ে ৬ টাকা, এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১০ টাকা। ফলে ছোট ছোট পড়ুয়ারা আরও পুষ্টিকর খাবার পাবে।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, কখনও টিকটিকি, কখনও আরশোলা পড়ার মতো ঘটনা সামনে এসেছিল। সেই অভিজ্ঞতার পর এবার বিজেপি সরকার কলকাতার স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দিয়েছে ইসকনকে।
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা ২০০৪ সাল থেকেই মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত এবং দিল্লি, মহারাষ্ট্র-সহ আট রাজ্যে নিরামিষ খাবার পরিবেশন করছেন। প্রাণীজ প্রোটিনের ঘাটতি পূরণে মেনুতে রাখা হবে সোয়াবিন, রাজমা, পনীরের মতো উপকরণ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, আগামিদিনে বাংলার পড়ুয়ারা মিড ডে মিলে ডিম পাবে কি না। তবে সরকার বলছে, খাবারের মান ও পুষ্টিগুণ বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হবে।

