নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করে জানান, মেয়েদের উচ্চশিক্ষায় ড্রপ আউট রোধ করতে সরকারি ও সরকার পোষিত কলেজে স্নাতক স্তরে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। একইসঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মেধাবী ছাত্রদের জন্য এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আর্থিক অনটন বা সামাজিক কারণে অনেক ছাত্রী কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। এই প্রকল্প তাঁদের জন্য বড় সহায়তা হবে। বাজেটে এই খাতে ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় বিনামূল্যে সরকারি কোচিং সেন্টার গড়ে তোলা হবে, যাতে গ্রামীণ ও পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা কোনও খরচ ছাড়াই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।
যুবসমাজের জন্য ‘ভরসা’ কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় শিক্ষিত বেকারদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে। কর্মসংস্থানের খরা কাটাতে ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষা ক্ষেত্রে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে। শিক্ষা পরিকাঠামোয় বড় বরাদ্দের মধ্যে রয়েছে ‘আদর্শ বিদ্যালয়’ গঠনে ২,১০০ কোটি টাকা, সংস্কৃত ভাষার প্রসারে ৫০ কোটি টাকা এবং কলকাতায় নতুন সংস্কৃতি স্কুল। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

