মমতার দেওয়া উপহার ফেরাচ্ছেন কাকলিপুত্র বৈদ্যনাথ, আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি

অভ্যন্তরীণ দ্বন্দ্বে এবার প্রকাশ্যে বড় পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তিনি ঘোষণা করেছেন, বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সোনার গয়না এবং পুজোয় পাওয়া কুর্তা-পাঞ্জাবি ফেরত দেবেন।

সোশাল মিডিয়ায় পোস্ট করে বৈদ্যনাথ লিখেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়েতে আমার স্ত্রীকে একটা সোনার হার উপহার দিয়েছিলেন। কয়েকবার পুজোয় আমাকে কুর্তা-পায়জামা দিয়েছেন। আমরা তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এই উপহারগুলি ফিরিয়ে দেওয়াই সমীচীন বলে মনে করছি।”

তিনি আরও জানিয়েছেন, কালীঘাটের বাড়িতে গিয়ে উপহারগুলি ফেরত দেবেন। এমনকি সোনার হার দুই বছর তাঁদের কাছে ছিল, তার সুদ দিতে হলেও তিনি রাজি। বৈদ্যনাথের বক্তব্য, “ওনার মতো মানুষের থেকে কোনও উপহার আমার চাই না।” এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছেন কাকলি ঘোষ দস্তিদার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “তোমার ও তোমার স্ত্রীর জন্য গর্বিত।”

প্রসঙ্গত, কাকলি ও মমতার সম্পর্ক চার দশকেরও বেশি পুরনো। একসময় ঘনিষ্ঠ সহযোদ্ধা হলেও ২৬-এর পালাবদলের পর তাঁদের দূরত্ব স্পষ্ট হয়েছে। কাকলি এখন বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। অন্যদিকে মমতা অভিযোগ করেছিলেন, এক সাংসদ ছেলের জন্য টিকিট চেয়েছিলেন, তা না মেলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন। এই ইঙ্গিতেই ক্ষুব্ধ হয়ে ছেলের সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে।

বৈদ্যনাথ আরও জানিয়েছেন, তাঁর পরিবার নিয়ে কুকথা বলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের দুই সাংসদকে আইনি নোটিস পাঠাবেন। মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

About The Author