তৃণমূলের সোশাল মিডিয়া সেলের দায়িত্ব থেকে সরানো হলো দেবাংশুকে

কলকাতা: পালাবদলের পর দুর্নীতি ও গ্রেপ্তার প্রসঙ্গে দলের বিপক্ষে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের সোশাল মিডিয়া সেলের দায়িত্ব থেকে সরানো হলো দেবাংশু ভট্টাচার্যকে। তার জায়গায় দায়িত্ব পেলেন উপাসনা চৌধুরী।

রাজ্যে পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি, মারধরের অভিযোগে তৃণমূলের বহু নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। দিকে দিকে চলছে ধরপাকড়। এই আবহে সোশাল মিডিয়ায় দেবাংশু পোস্ট করেছিলেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়।’ গতকাল তৃণমূলে সংসদীয় দলে ভাঙন আরও চওড়া হয়েছে। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়েও মুখ খুলেছেন দেবাংশু। তিনি জানান, এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেনি। বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। মনে করা হচ্ছে এই সব বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে দলীয় পদ খোয়াতে হয়েছে।

তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের মাঝেই দলের সব কমিটি ভেঙে দিয়েছিল তৃণমূল। কিন্তু দেখা যায় নতুন কমিটির পদাধিকারীদের মধ্যে অনেকে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তালিকায় রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। যুব তৃণমূল সভাপতির দায়িত্ব থেকে সায়নী ঘোষকে সরিয়ে সেই দায়িত্বে আনা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মালা রায়কে সরিয়ে মহিলা তৃণমূলের দায়িত্ব পেয়েছেন আলিফা আহমেদ। অন্যদিকে সুদীপের জায়গায় কুণাল ঘোষকে উত্তর কলকাতার তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি দলের সোশাল মিডিয়া সেলের দায়িত্ব থেকে দেবাংশুকে সরিয়ে উপাসনা চৌধুরীকে আনা হয়েছে।

About The Author