জাতির ভিত্তিতে নয়, আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণ চাই! দিল্লির যন্তর মন্তরে এই দাবিতে বিক্ষোভে সামিল হলেন ‘আনরিজার্ভড’ শ্রেণির প্রতিনিধিরা।
শুক্রবার দিল্লির যন্তর মন্তরে জমায়েত করে বিরাট বিক্ষোভে সামিল হলেন অসংরক্ষিত বা ‘আনরিজার্ভড’ শ্রেণির প্রতিনিধিরা। তাঁদের দাবি, সরকারি সহায়তা, শিক্ষা, কোচিং এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে জাত-পাত নয়, বরং পরিবারের আর্থিক পরিস্থিতিকে অগ্রাধিকার দিতে হবে।
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, অনেকেই গেরুয়া পতাকা নিয়ে উপস্থিত হন। স্লোগান ওঠে, “Reservation for the poor, not for caste” । তাঁদের বক্তব্য, কোনও শিক্ষার্থী বা পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলে সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে সেই দিকটাই প্রধান মাপকাঠি হওয়া উচিত।
বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) ইক্যুইটি রেগুলেশন নিয়েও আপত্তি জানান। তাঁদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্যের নামে এমন ব্যবস্থা থাকা উচিত নয়, যাতে কোনও নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীর প্রতি বৈষম্য তৈরি হয়।
এছাড়া তাঁদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, SC/ST (Prevention of Atrocities) Act বাতিল করা। অভিযোগকারীদের মতে, এই আইন অনেক ক্ষেত্রে অপব্যবহার হয় এবং তার ফলে নির্দোষ মানুষ সমস্যায় পড়তে পারেন।
বিক্ষোভ সামাল দিতে দিল্লি পুলিশ যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নজরদারির মধ্যেই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

