কলকাতা: পুজোর মুখে চাকরি যাবে? চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই টার্মিনেশন লেটার পাওয়ার অভিযোগে বিক্ষোভে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হল করুণাময়ী এলাকা।
পুজোর আগে বোনাস নয়, হাতে এসেছে টার্মিনেশন লেটার। এই অভিযোগ তুলে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। সোমবার করুণাময়ীতে তাঁদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আইসিটি ঐক্য মঞ্চের ৬ ও ৭ নম্বর ফেজের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, আগামী ৩০ সেপ্টেম্বর তাঁদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যে সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল, তারা জানিয়ে দিয়েছে চুক্তি আর নবীকরণ করা হবে না। ফলে প্রায় ৩,৭১৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি অনিশ্চয়তার মুখে।
সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল করেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনের কাছে পৌঁছতেই পুলিশ তাঁদের আটকে দেয়। এরপর রাস্তায় শুয়ে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের দাবি, সরকারি আধিকারিকদের এসে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।
শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করেছেন তাঁরা। আগে বেতন বৃদ্ধির দাবি তুললেও এখন চাকরি টিকিয়ে রাখাই সবচেয়ে বড় লড়াই। তাঁদের প্রশ্ন, পুজোর মুখে চাকরি চলে গেলে পরিবার নিয়ে তাঁরা কীভাবে চলবেন?

