প্রাতঃকৃত্যের নাম করে হোল্ডিং সেন্টার থেকে পালিয়ে গেল রোহিঙ্গা, কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে চা-বাগান থেকে ধরা পড়ল যুবক।
রবিবার সকালে ফাটাপুকুর হোল্ডিং সেন্টার থেকে এক রোহিঙ্গা যুবক দেওয়াল টপকে পালিয়ে যায় বলে অভিযোগ। ২৬ বছর বয়সী ওই যুবক মোহাম্মদ সালাম মায়ানমারের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর চারজনের একটি দলকে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে আটক করে ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে আনা হয়েছিল। রবিবার সকালে শৌচালয়ে যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায় সে।
খবর ছড়িয়ে পড়তেই পুলিশ, প্রশাসন ও বনদপ্তর যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। বনদপ্তরের স্নিফার কুকুরের সাহায্য নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে পানিকৌরি মোড় সংলগ্ন একটি চা-বাগানে দীর্ঘ অনুসন্ধানের পর যুবককে আটক করা হয়।
এই ঘটনার পর ফাটাপুকুর হোল্ডিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, সেখানে একজন আধিকারিক এবং কয়েকজন পুলিশকর্মী নিরাপত্তার বিষয়টি দেখতেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে পালানো সম্ভব হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

