কলকাতা: হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া ফাঁস হতেই জোট প্রত্যাহার আসাদউদ্দিন ওয়েইসির। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রাজনৈতিক পালাবদল।
আনুষ্ঠানিক ঘোষণা করে AIMIM হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছে। শুক্রবার ভোরে সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে AIMIM জানায়, “মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম (হুমায়ুন) কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।”
এর নেপথ্যে হুমায়ুন কবীরের সেই ‘গোপন ভিডিও’ যা ঠিক আগের দিনই ফাঁস করেছিল বাংলার শাসক শিবির। ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও বিষয়টিকে মিথ্যে এবং AI দিয়ে সাজানো বলে দাবি করেছেন হুমায়ুন।
ওই ভিডিওতে তাঁকে বিজেপির সঙ্গে আঁতাঁতের কথা বলতে দেখা যায় বলে দাবি করেছে তৃণমূল। যদিও হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, ভিডিওটি কৃত্রিম মেধা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর সত্যতা প্রমাণ করতে না পারলে তিনি আদালতে যাবেন।
ওয়েইসির দল AIMIM জানিয়েছে, তারা বাংলার নির্বাচনে এককভাবে লড়াই করবে এবং কোনও দলের সঙ্গে জোট করবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলার মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও শোষিত, তাই AIMIM প্রান্তিক গোষ্ঠীর স্বাধীন রাজনৈতিক স্বর তুলে ধরতে চায়।
অন্যদিকে, হুমায়ুন কবীর বলেছেন, ওয়েইসির সিদ্ধান্ত তাঁর নিজস্ব। তিনি ওয়েইসিকে ব্যক্তিগতভাবে সম্মান করেন এবং ভবিষ্যতেও সেই শ্রদ্ধা থাকবে। তাঁর দল ১৮২টি আসনে লড়ছে এবং উল্লেখযোগ্য ফলাফল করবে বলে তিনি আশাবাদী।

