রাস্তায় নামলেই টোটো-র বাড়বাড়ন্ত চোখে পড়ে। অলিগলি ছাড়িয়ে টোটো দাপিয়ে বেড়াচ্ছে মেইন রোডে। ফলে জাতীয় সড়কে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।
আম জনতার দাবি মেনে এবার হাইওয়েতে আর টোটো চলতে না দেওয়ার সিদ্ধান্ত নয়া সরকারের। পরিবহণ মন্ত্রীর কথায়, যেখানে ভারী যানবাহন চলাচল করে সেখানে ই-রিক্সা বা টোটো চলতে দেওয়া যাবে না।
রাজ্যের পরিবহন দপ্তর এবার টোটো (ই-রিকশা) চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধান রাস্তায় বা হাইওয়েতে যেখানে ভারী যানবাহন চলাচল করে সেখানে আর টোটো চলতে দেওয়া হবে না।
মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, টোটোগুলিকে মেইন রোড থেকে সরিয়ে এলাকার ভেতরের রাস্তায় চালানোর ব্যবস্থা করা হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশিকার প্রসঙ্গও, যেখানে নিরাপত্তার কারণে টোটোকে বড় রাস্তায় চলাচল থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।
এই সিদ্ধান্তে টোটোচালকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তা ও যানজট কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

