কলকাতা: বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য রাজ্যে প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর সরকার অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে “ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট” নীতি নিয়েছে। পূর্বতন সরকার কেন্দ্রীয় নির্দেশ কার্যকর করেনি বলে অভিযোগ তুলে তিনি জানান, এবার রাজ্যে সেই আইন কার্যকর হচ্ছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী,
- সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে সর্বোচ্চ ৩০ দিন রাখা যাবে।
- যাঁরা আগে ধরা পড়েছেন এবং বন্দি ছিলেন, তাঁদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলাকালীন এই সেন্টারে রাখা যাবে।
- সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ডিজি, জেলা শাসক ও পুলিশ সুপারদের।
- অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে।
- তদন্ত শেষে তাঁদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই ২০২৫ সালের মে মাসে একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়েছিল।

