বকরি ইদকে ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিল ইসলামিক সেন্টার। তারা স্পষ্ট জানিয়েছে, ইদের ধর্মীয় আচার পালনের জন্য গরু জবাই অপরিহার্য নয়। বরং মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, যেন তারা শান্তিপূর্ণভাবে নামাজ পাঠের মাধ্যমে উৎসব পালন করেন।
দেশজুড়ে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে বকরি ইদ পালনের জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য এবং ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহলি ১২ দফা নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বিশেষভাবে বলা হয়েছে, গরু কোরবানি করা যাবে না, কারণ তা দেশের আইনের বিরুদ্ধে। মুসলিম সমাজকে কেবল সেইসব পশুর কোরবানি করতে বলা হয়েছে যেগুলিতে কোনও আইনি নিষেধাজ্ঞা নেই।
তিনি আরও জানিয়েছেন, ইদের নামাজ শুধুমাত্র ইদগাহ ও মসজিদের ভেতরে নির্ধারিত জায়গায় আদায় করতে হবে। সর্বজনীন জায়গায় নামাজ আদায় না করার অনুরোধও করা হয়েছে। কোরবানি করার সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। পশুর বর্জ্য বাইরে ফেলা যাবে না, নগর নিগম ও পুরসভার নির্ধারিত ব্যবস্থাপনা অনুযায়ী তা নিষ্পত্তি করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে করতে হবে, কোনও পাবলিক প্লেস, রাস্তার ধারে বা গলির কাছে নয়। পাশাপাশি মুসলিমদের দেশবাসীর কল্যাণ, সমৃদ্ধি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

