সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করলেই কড়া ব্যবস্থা, নোটিশ শিক্ষা দপ্তরের

কলকাতা: সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করলেই কড়া ব্যবস্থা! রাজ্যের স্কুল শিক্ষা দফতর সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বেসরকারি টিউশন করার অভিযোগে এবার কড়া অবস্থান নিয়েছে। বিকাশ ভবন থেকে জারি হওয়া নির্দেশিকায় সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) অভিযোগের সত্যতা যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই পদক্ষেপের ভিত্তি হলো জাতীয় মানবাধিকার কমিশনের একটি নোটিশ। অভিযোগ উঠেছে, একাংশ শিক্ষক শিক্ষার অধিকার আইন (RTE) ২০০৯-এর ২৮ নম্বর ধারা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ব্যক্তিগত টিউশন চালাচ্ছেন। এমনকি পরীক্ষার নম্বর বা মূল্যায়নের ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের টিউশন নিতে বাধ্য করার অভিযোগও এসেছে।

দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও শিক্ষক ব্যক্তিগত টিউশন বা বেসরকারি শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ২০১১ সালের সরকারি বিজ্ঞপ্তি এবং ২০১৮ সালের শিক্ষা দফতরের নির্দেশও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষানুরাগীদের একাংশ মনে করছেন, শুধু টিউশন বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। তাঁদের মতে, স্কুলের পরিকাঠামো উন্নত করা, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বাস্তবসম্মত পাঠ্যক্রম তৈরি করাও জরুরি। অন্যদিকে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ, অনেক সরকারি শিক্ষক বেআইনিভাবে টিউশন করে বিপুল অর্থ উপার্জন করছেন এবং তা করের আওতায় আনছেন না। সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, নিয়ম কার্যকর না হলে আন্দোলনে নামবে তারা।

About The Author