ট্রাক আটকে তোলাবাজি, দুই সরকারি কর্মী সাসপেন্ড; শুভেন্দুর বার্তা, ‘কেউ আইনের উর্ধ্বে নয়’

বেআইনি তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি ট্রাক আটকিয়ে চালকের কাছ থেকে ঘুষ আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানামাত্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “কেউ আইনের উর্ধ্বে নয়।” তিনি জানান, ট্রাকটি সার্ভিসিংয়ের পর গ্যারেজে ফিরছিল। ফেরার পথে চেকপোস্টে সেটিকে আটকানো হয়, চালককে হেনস্থা করা হয় এবং বেআইনিভাবে ২২,০০০ টাকা দাবি করা হয়।

অভিযোগের ভিত্তিতে পরিবহণ দপ্তর দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।

শুভেন্দুর স্পষ্ট বার্তা, “দুর্নীতি, হেনস্থা বা বেআইনি সুবিধা আদায়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও আইনি পদক্ষেপ করা হবে।”

About The Author