দিনমজুরের ঘর থেকে পুলিশের চাকরি! একসঙ্গে পরীক্ষায় সফল তিন ভাইবোন

জলপাইগুড়ি: একসময়, খাতা-কলম কেনার টাকাও জোগাড় করতে হিমশিম খেতে হত… সেই ঘর থেকেই একসঙ্গে পুলিশ কনস্টেবল পরীক্ষায় সফল হলেন তিন ভাই-বোন।

তাঁরা দেখিয়ে দিল, লক্ষ্য স্থির থাকলে কোনও বাধাই, বাধা নয়! এক ঘর থেকে তিন ভাই বোনের এমন বিরল সাফল্যে গর্বিত ময়নাগুড়ির উত্তর মাধবডাঙা এলাকা।

দিনমজুর জিতেন রায়ের সংসারে অভাবের সঙ্গে লড়াই করাটাই ছিল তাঁদের নিত্যদিনের অভ্যেস। তবে অনটনের মধ্যেও স্বপ্ন দেখা বন্ধ করেননি তিন ভাইবোন। মেজো ছেলে কমলেশ রায় রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন। অন্যদিকে অবিনাশ রায় ভূগোলে অনারস এবং বোন পম্পা রায় ইংরেজি নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।

পাশাপাশি, চাকরির পরীক্ষার জন্য দিন রাত লেগে থাকত। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অধ্যবসায়ের ফল মিলেছে এই সাফল্যে। স্থানীয় ‘প্রয়াস’ কোচিং সেন্টার এবং শিক্ষকদের সহযোগিতাও তাঁদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

তিন ভাইবোনের একসঙ্গে পুলিশের চাকরির পরীক্ষায় সাফল্য শুধু তাঁদের পরিবারের নয়, গোটা এলাকার কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। অভাব যে স্বপ্নের পথে শেষ কথা নয়, সেই বার্তাই যেন নতুন করে তুলে ধরলেন জিতেন রায়ের সন্তানরা।

About The Author