রেলের চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছিলেন, তৃণমূলের ভরাডুবির পর রাজনীতি ছাড়েন। এবার অ্যাথলেটিক্স ক্যারিয়ারকেও বিদায় জানালেন জলপাইগুড়ির সোনার মেয়ে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপ্টাথলন তারকা স্বপ্না বর্মন অবশেষে খেলার জগতকে বিদায় জানালেন। শুক্রবার ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “আজ অ্যাথলেটিক্স ট্র্যাকিং ক্যারিয়ারকে বিদায় জানালাম। অনেক স্মৃতি, অনেক লড়াই আর বুক ভরা ভালোবাসা নিয়ে আজ এই অধ্যায়ের সমাপ্তি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।”
স্বপ্না বর্মন একসময় রেলের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তৃণমূলের টিকিটে জলপাইগুড়ি সদর থেকে ভোটে দাঁড়ালেও জয় পাননি। এরপর থেকেই তাঁর খেলার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করলেন।
ছোটবেলা থেকেই খেলাধুলায় দক্ষ স্বপ্না ২০১৩ সালে জুনিয়র অ্যাথলেটিক্সে হাই জাম্পে জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন। ২০১৭ সালে ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে সোনা পান। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস গড়েন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই ইভেন্টে এশিয়াডে সোনা। ২০২২ সালে ন্যাশনাল গেমসে মধ্যপ্রদেশের হয়ে হেপ্টাথলন ও হাই জাম্পে জোড়া সোনা জেতেন।

