বিধানসভায় অভিষেককে ‘গরুর গাড়ির হেডলাইট’ কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্রতিষ্ঠিত চোর’ ও ‘গরুর গাড়ির হেডলাইট’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাট তৃণমূলের একুশের সভায় উপস্থিতির সংখ্যা নিয়েও তীব্র আক্রমণ শানালেন তিনি।

বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিষেককে ‘প্রতিষ্ঠিত চোর’ বলে কটাক্ষ করে জানান, যত ভোটে অভিষেক জিতেছেন, তত ভোটে তাঁকে হারানো হবে। শুভেন্দুর দাবি, অভিষেকের অবস্থা শওকত মোল্লা ও জাহাঙ্গির খানের থেকেও খারাপ হবে।

অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট।” পাশাপাশি তাঁকে ‘ছোঁড়া’ বলেও আক্রমণ করেন। অভিষেকের সাম্প্রতিক মন্তব্য, “যদি বেঁচে থাকি ২০৩১-এ সব ফেরত দেব”—এর পালটা দিয়ে শুভেন্দু বলেন, “বাইরে থাকলে তাহলে তো হিসাব নেবেন!”

কালীঘাট তৃণমূলের একুশে জুলাইয়ের সভা নিয়েও মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন। তাঁর দাবি, পুলিশ জানিয়েছে সেখানে মাত্র আড়াই হাজার লোক ছিল। অথচ তৃণমূলের হাজার হাজার কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে অন্তত কয়েক হাজার ‘চোর’ কলকাতায় লুকিয়ে আছে। শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট বার্তা—কালীঘাট তৃণমূলকে তিনি কোনও ভোটে জিততে দেবেন না।

About The Author