স্কুল, কলেজ ও মন্দিরের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও মদের দোকানকে অনুমতি দেওয়া হবে না এবং এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে। কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।
মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকার আর্থিক সাহায্য সহ ‘অন্নপূর্ণা যোজনা’ চালু হবে। আগামী ২৭ মে, বুধবার থেকেই নবান্ন থেকে এই প্রকল্পের আবেদনপত্র বিলি শুরু হবে এবং সমস্ত ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। তাঁর দাবি, লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
সাধারণ মানুষের জন্য রাজ্যজুড়ে প্রায় ৪০০টি ভর্তুকিযুক্ত ক্যান্টিন তৈরি করা হবে, যেখানে মাত্র ৫ টাকায় মাছ-ভাত মিলবে। মুখ্যমন্ত্রী বলেছেন, কম খরচে খাবারের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। স্বাস্থ্য দফতরের আওতা থেকে আলাদা করে একটি পৃথক আয়ুষ দফতর গঠন করা হবে, যাতে আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি পরিষেবাগুলি আরও বিস্তৃত করা যায়।
এই বৈঠকে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন একাধিক সাংসদ ও বিধায়ক, যার মধ্যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ছিলেন। সম্প্রতি বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ ছাড়ার পর তাঁর এই বৈঠকে উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি করেছে।

