মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনার অভিযোগে ইকো পার্ক থানার পুলিশ রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বারাসত আদালতে তোলা হবে তাকে।
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে ফের চাঞ্চল্য। সোমবার রাতে নিউ টাউনে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাঁকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় তাঁকে। আজই বারাসত আদালতে তোলা হবে প্রশান্তকে।
পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনি এক পথচারীকে ধাক্কা দেন। পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাঁকে ধরে ফেলে এবং ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সেই সূত্রেই পুলিশ তাঁকে আটক করে। বিধাননগর গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করেছে, কারণ তাঁদের হাতেই রয়েছে নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার তদন্তভার।
প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। গত বছরের অক্টোবর মাসে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে। সেই মামলায় আগেই চারজন গ্রেপ্তার হলেও প্রশান্ত দীর্ঘ চার মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। আদালত তাঁকে আত্মসমর্পণ করতে বললেও তিনি উধাও হয়ে যান। শেষ পর্যন্ত সোমবার রাতে এক পথচারীর সাহসিকতাই তাঁকে পুলিশের হাতে তুলে দিল।

