১৩ বছর পর জেল মুক্তি সারদা কর্তা সুদীপ্ত সেনের, ভোটের মুখে জল্পনা

কলকাতা: সারদা চিটফান্ড কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন প্রায় ১২ বছর ১১ মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তির পথে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে, রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় তাঁকে জামিন দেওয়া হচ্ছে। এর ফলে তাঁর জেল থেকে বেরোনোর আর কোনও আইনি বাধা থাকছে না।

আদালত জানিয়েছে, এত দিন বিনা বিচারে জেলে রাখা অন্যায়। রাষ্ট্রের ভুলের জন্য কোনও আসামিকে শাস্তি দেওয়া যায় না। তবে জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে—পাসপোর্ট জমা দিতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে আদালতের অনুমতি লাগবে, কোনও আর্থিক কোম্পানির ব্যবসায় জড়িত থাকতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, মোবাইল সব সময় লাইভ লোকেশন চালু রাখতে হবে এবং মাসে একবার থানায় হাজিরা দিতে হবে।

সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশজুড়ে মোট ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ৩৮৭টিতে তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। শুধু দু’টি মামলায় আটকে থাকার কারণে এত দিন জেলে ছিলেন। আদালতের পর্যবেক্ষণ, বিচার শুরু না হয়েই তাঁকে এত বছর জেলে রাখা ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন। ঘটনাচক্রে, ভোটের মুখে তাঁর মুক্তি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

About The Author