Prasanta Barman: ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ! না হলে সম্পত্তি বাজেয়াপ্তের হুঁশিয়ারি

স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

উচ্চ আদালত আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর বেতন বন্ধের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে অভিযুক্ত BDO-র সমস্ত সম্পত্তির তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কেও সিআইডিকে রিপোর্ট পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১৪ ডিসেম্বর।

উল্লেখ্য, সল্টলেকের এক স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় নাম জড়ায় রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণের। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক বলে দাবি পুলিশের। এর আগে রাজারহাট-নিউটাউন এলাকায় গাড়ি দুর্ঘটনা ও মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পেয়ে ফের গা-ঢাকা দেন প্রশান্ত।

তারপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। হাইকোর্টের কড়া নির্দেশের পর এবার প্রশাসন ও তদন্তকারী সংস্থার নজর পলাতক এই প্রাক্তন আধিকারিকের দিকে।

About The Author