শিলিগুড়ি: ৬ বন্ধু মিলে কার্শিয়াং থেকে ফিরছিলেন, বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তায় ঘটল মর্মান্তিক ঘটনা। ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি। এক যুবকের মৃত্যু, আহত ৫।
রবিবার রাতে কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে কার্গিলদারায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন একদল যুবক।
দুর্ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতের নাম অভিষেক সাহা। সকলেই শিলিগুড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় বন্ধু একটি গাড়িতে করে কার্শিয়াং থেকে শিলিগুড়ির দিকে ফিরছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ কার্শিয়াংয়ের রোহিনী থেকে প্রায় ১০ কিলোমিটার উপরে কার্গিলদারা এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। প্রথমে দু’জনকে খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়। তবে টানা বৃষ্টি এবং গভীর অন্ধকারের কারণে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা তৈরি হয়। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করেন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাহাড়ে টানা বৃষ্টির জেরে সড়ক নিরাপত্তা নিয়ে ফের আতঙ্ক পর্যটকদের মনে।

