গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে ৫৫৭.৫১ কোটি টাকারও বেশি খরচ হয়েছে, সংসদে জানাল কেন্দ্র। সাংসদ সঞ্জয় সিং এবং ড. ভি. শিবদাসন মোদীর বিদেশ সফর সংক্রান্ত খরচ, দেশভিত্তিক সফরের বিবরণ এবং দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্র এই তথ্য প্রকাশ করে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২১ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে প্রধানমন্ত্রী এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে সফর করেছেন। তবে ২০২৬ সালের জুনে ফ্রান্স সফরের খরচ এখনও চূড়ান্ত হয়নি। কিছু খরচ অস্থায়ী হিসাব হিসেবে ধরা হয়েছে, সমস্ত বিল মেটানোর পর তা চূড়ান্ত হবে।
সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে ব্যয়বহুল সফর ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারির ফ্রান্স সফর, যেখানে খরচ হয়েছে প্রায় ২৫.৫৯ কোটি টাকা। একই বছরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে খরচ হয় ১৬.৫৪ কোটি, ব্রাজিল সফরে ১৭.৭২ কোটি এবং সৌদি আরব সফরে ১৫.৫৪ কোটি টাকা।
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে খরচ হয়েছিল প্রায় ১৫.৩৩ কোটি টাকা এবং ইতালি সফরে ১৪.৩৬ কোটি টাকা। ২০২৩ সালে আমেরিকা সফরে ব্যয় হয় ২২.৯০ কোটি টাকা, যা ওই বছরের সবচেয়ে বেশি। ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যেও মোদী বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রিটেন সফর করেন। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছিল আমেরিকা সফরে ১৯.৬৩ কোটি টাকা।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন সরকারি অর্থব্যয়ের যৌক্তিকতা নিয়ে। অন্যদিকে কেন্দ্র বলছে, বিদেশ সফর ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এটুকু খরচ ন্যুনতম।

