শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করেছেন, এখন থেকে কেজি থেকে পিজি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনার জন্য কোনও ফি দিতে হবে না। এই সুবিধা মিলবে সরকারি স্কুল-কলেজে।
সরকারের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে ওড়িশা হবে দেশের প্রথম রাজ্য যেখানে এমন সর্বাঙ্গীন বিনামূল্যে শিক্ষা চালু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অর্থের অভাবে কোনও ছাত্রছাত্রীর পড়াশোনা থেমে যাওয়া উচিত নয়। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সন্তানরা সবচেয়ে বেশি উপকৃত হবে। অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পারে না শুধুমাত্র ফি ও খরচের কারণে। নতুন এই প্রকল্প তাঁদের জন্য বড় স্বস্তি এনে দেবে।
তিনি আরও বলেন, বিনামূল্যে শিক্ষা শুধু শিক্ষার পরিধি বাড়াবে না, ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি করবে। গত দুই বছরে তাঁর সরকার ১২১টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যার মধ্যে শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ ও পরিকাঠামো উন্নয়ন রয়েছে।
অন্যান্য রাজ্যের অবস্থা
- কেরালা: ২০২৬ সালের জানুয়ারির বাজেটে সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ঘোষণা করেছে।
- তামিলনাড়ু: ২০০৭-০৮ সাল থেকে সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে বিএ, বিএসসি ও বিকম কোর্সে বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে।
- মহারাষ্ট্র: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে EWS ও OBC শ্রেণীর মহিলাদের জন্য উচ্চশিক্ষায় ফি ছাড় প্রকল্প চালু করেছে।
পশ্চিমবঙ্গ: দ্বাদশ শ্রেণি পর্যন্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়।

