নিউটাউনে ৪০ একর জমিতে তৈরি হবে রাজ্যের নতুন বিধানসভা ভবন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নিউ টাউনে ৪০ একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরির ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্র বসু।

রাজ্যের নতুন বিধানসভা ভবন তৈরির পরিকল্পনা এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো। শনিবার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন, দিল্লির সংসদ ভবনের মতো পশ্চিমবঙ্গেও নতুন বিধানসভা ভবন তৈরি করা প্রয়োজন। তাঁর বক্তব্যে উঠে আসে, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ হলে বিধায়কের সংখ্যা ৪০০-র উপরে পৌঁছতে পারে। বর্তমান ভবনে সেই সংখ্যক সদস্যের বসার জায়গা নেই।

শুভেন্দু বলেন, “একটা জায়গা দেওয়া আছে। অল পার্টি ডেলিগেশন নিয়ে গিয়ে দেখে আসুন। প্রাথমিক চিন্তাভাবনা এখন থেকেই শুরু করা উচিত।” তিনি আশ্বাস দেন, নতুন ভবন নির্মাণে আর্থিক কোনও বাধা হবে না। স্পিকার রথীন্দ্র বসু মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে ঘোষণা করেন, নিউ টাউনে ৪০ একর জমির উপর তৈরি হবে নতুন বিধানসভা ভবন।

বর্তমান বিধানসভা ভবন স্বাধীনতার আগে তৈরি। বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই ভবনকে ভবিষ্যতে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র যেমন পুরনো সংসদ ভবনকে গণতান্ত্রিক প্রদর্শশালা হিসেবে ব্যবহার করছে, তেমনই পশ্চিমবঙ্গেও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পুরনো ভবনকে কাজে লাগানো হবে।

About The Author