নেপালে ফের বিপর্যয়! কালগণ্ডকী নদীতে ধসে পড়ল আস্ত পাহাড়

বিপদ কমছেই না নেপালে… এবার কালীগণ্ডকী নদীতে ধসে পড়ল গোটা পাহাড়।

টানা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভয়াবহ ধসের জেরে নেপালের মানাং জেলার কিছু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল। পাহাড়ি ঢল নেমে আসার পর কাদা ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে জনবসতি এবং মার্সিয়াংদি নদীতে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে অবিরাম বৃষ্টির ফলে একাধিক পাহাড়ি ঝরনায় হড়পা বান দেখা দেয় এবং ফুলে-ফেঁপে ওঠে মার্সিয়াংদি নদী। বন্যার জেরে অন্তত পাঁচটি বাড়ি ভেসে গিয়েছে। ধ্বংস হয়েছে দুটি কাঠের সেতু এবং চামে শহরে প্রবেশের প্রধান সড়ক। রাত সাড়ে ১১টা নাগাদ আতঙ্কে বহু বাসিন্দা ও আটকে পড়া ট্রেকার নিরাপদ আশ্রয়ের খোঁজে নিকটবর্তী বনাঞ্চলে আশ্রয় নেন।

চামের কমিউনিটি হেলথ অফিসার ছোইডেন ইয়াংচেন লামা জানিয়েছেন, সদর এলাকায় কোনও প্রাণহানির খবর নেই। তবে খাদ্য, গরম পোশাক এবং হেলিকপ্টার উদ্ধারের আবেদন জানানো হয়েছে।

এরই মধ্যে গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের টানা বৃষ্টিতে নেপাল জুড়ে অন্তত ২১ জনের মৃত্যু, পাঁচজন নিখোঁজ এবং পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানাংয়ের এই বিপর্যয় হিমালয় অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

About The Author