বিজেপিতে মিশে যাবে কি এনসিপিআই? সিদ্ধান্ত নির্ভর করছে মঙ্গলবারের বৈঠকের উপর। এনসিপিআই সাংসদরা মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন।
সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, “মঙ্গলবার ১টার সময় বৈঠক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের সব সাংসদদের বৈঠক হবে। আমাদের কারও কিছু বলার আছে কিনা, তা জানতে চাওয়া হবে। যা এতদিন বলা যেত না, সেগুলো হয়তো বলতে পারব।”
এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এনসিপিআই কি এনডিএ শরিক হিসেবেই থাকবে, নাকি বিজেপিতে মিশে যাবে। ওয়াকিবহাল মহলের মতে, মঙ্গলবারের বৈঠকের পরই বিষয়টি স্পষ্ট হবে।
শতাব্দী রায় জানিয়েছেন, দলবদলের সিদ্ধান্ত নিয়মবিরুদ্ধ নয়। তাঁর কথায়, “আমরা নিয়ম মেনেই করেছি। মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়নি। নির্বাচন কমিশনের তরফে একটা কাগজ আসবে। সবশেষে সিদ্ধান্ত স্পিকার নেবেন।”
এর আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা ১৯ জন সাংসদ দিল্লিতে গিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে এনসিপিআই হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন। এনডিএ-র বৃহত্তম শরিক হয়ে ওঠার পথে এনসিপিআই এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

