‘দেশের শিক্ষাব্যবস্থায় আস্থা নেই? কেন শিক্ষামন্ত্রীর কন্যা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেন?’ বিদেশে পড়াশোনা নিয়ে লাগাতার কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যের মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মেয়ে নৈমিষা প্রধান।
২০২৩ সালে তিনি আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয়ের দ্য ফ্লেচার স্কুল থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষের পরে নৈমিষা ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে সিনিয়র আধিকারিক হিসাবে যোগ দেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন শিক্ষামন্ত্রীর কন্যা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেন? কেউ কেউ এটিকে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার অভাব বলে ব্যাখ্যা করেন। নৈমিষাকে কুরুচিকর মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই তিনি ইনস্টাগ্রাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

