সময়টা ভোররাত, পিকআপ গাড়ি নিয়ে এলাকায় ঢুকল কয়েকজন। এলাকাবাসীদের সন্দেহ হল, হয়ত গরু চুরি করতে এসেছে। অভিযোগ, কয়েকজন গরু গাড়িতে তুলে এলাকা ছাড়ার চেষ্টা করছিল। তখনি ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসীরা।
গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল দুজনের। স্থানীয়দের অভিযোগ, ভোররাতে পিকআপ গাড়ি নিয়ে গরু চুরি করতে বাগডোগরার তারাবাড়ি এলাকায় আসে ৫ জন। গরু চুরি করে গাড়িতে ওঠাতে গেলে, তাদের আটক করা হয়।
তারপর চলে বেদম মারধর। পিকআপ গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মারধরে তখনই একজনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুইজন।
মৃত দুজন চোপড়ার বাসিন্দা। পরিবারের দাবি, গরু চোর নয়, উনি গরুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিগত ১০ বছর ধরে তিনি এই ব্যবসা করছিলেন। তাদের ধরার পরও পুলিশকে ডাকা হয়নি। বরং আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরিবারের তরফে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

