ভোট-পরবর্তী হিংসা মামলায় স্বস্তি, গ্রেপ্তারিতে আপাতত রক্ষাকবচ কৃষ্ণ দাসের

জলপাইগুড়ি: ভোট-পরবর্তী হিংসা-সহ দুটি মামলায় আপাতত গ্রেপ্তারি থেকে রেহাই পেলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। উচ্চতর আদালতের নির্দেশে সাময়িক আইনি সুরক্ষা মিলেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

জলপাইগুড়ির তৃণমূল নেতা তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী কৃষ্ণ দাস আপাতত বড় আইনি স্বস্তি পেলেন। ভোট-পরবর্তী হিংসা-সহ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

আইনজীবী অর্জুন চক্রবর্তীর দাবি, সংশ্লিষ্ট দুটি মামলায় উচ্চতর আদালত থেকে কৃষ্ণ দাসের জন্য রক্ষাকবচ মিলেছে। ফলে তদন্ত চললেও নির্দিষ্ট সময়ের জন্য গ্রেপ্তারি থেকে সুরক্ষা পেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণ দাস প্রার্থী হলেও বিজেপির কাছে পরাজিত হন। ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে জামিনের আবেদন খারিজ হয়ে গেলে তিনি এলাকা ছাড়েন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়।

এখন আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি মিললেও মামলার তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। অবশ্য, ভোটের পরই এলাকা ছাড়া কৃষ্ণ দাস।

About The Author