নির্বাচন কমিশনকে ঘিরে চলা বিতর্কের আবহে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার কার্যত মোদী সরকারের “হাতের পুতুল” হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তোলেন খড়্গে।
মঙ্গলবার কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চের বৈঠকে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। খড়্গের দাবি, ভোটার তালিকায় কোথায় কী পরিবর্তন করা হয়েছে, তা প্রকাশ্যে আনতে হবে। বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবার তালিকাভুক্ত হওয়ার সুযোগ দিতে হবে এবং নাম বাদ যাওয়ার কারণও স্পষ্টভাবে জানাতে হবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে খড়্গে বলেন, গণতন্ত্রের স্বার্থে কমিশনের ভূমিকা নিয়ে দেশের মানুষের কাছে স্বচ্ছতা থাকা জরুরি। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

