‘জন্মের আগেই মাধ্যমিক পাশ’ BJP প্রার্থী হাসিরানির! কংগ্রেসের করা মামলা খারিজ হাইকোর্টে

উপনির্বাচনের মুখে বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে ওঠা ‘জন্মের আগেই মাধ্যমিক পাশ’ বিতর্কে ইতি টানল কলকাতা হাইকোর্ট। কংগ্রেসের দায়ের করা মামলাটি মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। ফলে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর জন্য বড় আইনি স্বস্তি মিলল ভোটের আগে।

কংগ্রেসের অভিযোগ ছিল, হাসিরানি রথের হলফনামায় উল্লেখ রয়েছে তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। অথচ হলফনামাতেই তাঁর জন্মসাল ১৯৬৬ বলে উল্লেখ করা হয়েছে। সেই ভিত্তিতেই মনোনয়নপত্রে তথ্যগত অসঙ্গতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।

গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত। এদিন বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। আদালতের এই রায়ের ফলে তাঁর নির্বাচনী প্রচারে আর কোনও আইনি বাধা রইল না।

About The Author