হকার উচ্ছেদে ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা: যাদবপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত হকাররা। আদালতের নির্দেশে আপাতত তাঁদের বড়সড় স্বস্তি মিলেছে। বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে জানিয়েছেন, আগামী ১৭ জুন পর্যন্ত রেলের জমিতে কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না।

গত রবিবার গভীর রাতে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদে বুলডোজার নামালে যাদবপুর স্টেশন চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। যুব সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়, যদিও পরে আলিপুর আদালত থেকে তাঁরা জামিন পান। বাম ও কংগ্রেস নেতৃত্ব পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদকে বেআইনি বলে দাবি করে প্রতিরোধ গড়ে তোলে।

আদালতের এই নির্দেশে আপাতত হকাররা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে মামলার পরবর্তী শুনানি হবে ১৭ জুন, সেদিনই উচ্চ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে এখনই নিশ্চিত নয় তাঁদের ভবিষ্যৎ, কিন্তু অন্তত কয়েকদিনের জন্য তাঁরা উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্তি পেয়েছেন।

About The Author