অবৈধ অনুপ্রবেশ, ৩ বছরের সংসার! জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশী আটক

রাজগঞ্জ: কেউ কাজ করতেন রঙ মিস্ত্রি হিসেবে, কেউ চালাতেন রিক্সা। তৃণমূল আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন। পালাবদল হতেই রাজ্যজুড়ে চলছে ধরপাকড় অভিযান।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশীকে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হল। এদের মধ্যে শিশু ৭ জন। ১৫ জন মহিলা। জানা গেল, এরা অবৈধভাবে ভারতে এসেছিলেন প্রায় তিন থেকে চার বছর আগে। সরকার বদল হতেই নতুন নির্দেশ অনুযায়ী অবৈধ বাংলাদেশীদের ধরে প্রতিটি জেলায় তৈরি হোল্ডিং সেন্টারে রাখার কথা বলা হয়েছিল। সেইমতো শুরু হয়েছে কাজ।

বৃহস্পতিবার একটি বাসে করে ইসলামপুরের দিক থেকে ফাটাপুকুরে নিয়ে আসা হলো তাদের। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় এদের। এরা বাংলাদেশের তেতুলিয়ার বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, চোরাই পথে এপারে এসে কেউ রিকশাচালক অথবা রংমিস্ত্রি এরকম ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে এসে বাচ্চা কাচ্চাও হয়েছে। সরকার বদল হতেই আটক হলেন।

অস্থায়ীভাবে রাখার জন্য ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে ইতিমধ্যেই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। সেন্টারের চারিদিকে টিন দিয়ে ঘিরে দেয়া হয়েছে। ভেতরেই থাকা খাওয়া এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে। নজরদারির জন্য ২৪ ঘন্টাই পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রাখা হয়েছে। পরবর্তীতে এদের নিয়ে কি করা হবে? এখনও সেই বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি পুলিশ। তবে, ধারণা করা হচ্ছে, বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে এদের।

About The Author