হরমুজে ফের জাহাজে টর্পেডো হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের

ভারতে আসার পথে আচমকাই টর্পেডো হামলা! ওমান উপকূলের কাছে এমভি কেপ দাও জাহাজকাণ্ডে মৃত্যু হল ১ ভারতীয় নাবিকের। ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

হরমুজ প্রণালীর কাছে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ওমানের পূর্ব উপকূলের কাছে ভারতগামী বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাও-এর উপর টর্পেডো হামলায় উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা সুরজ যাদব প্রাণ হারিয়েছেন। জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং বেঁচে যাওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। একটি ক্রুদের আবাসিক অংশে এবং অন্যটি ইঞ্জিন রুমের কাছাকাছি বিস্ফোরিত হয়। এই ঘটনার পর হরমুজ ও সংলগ্ন সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

About The Author