বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে গড়িয়ে পড়ে। বাসের চালক ও কনডাক্টরসহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হিমাচল প্রদেশের চাম্বায় পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু, আহত ১১। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
পাহাড়ি আঁকাবাঁকা ও বিপদসঙ্কুল রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে রওনা দিয়েছিল। মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করার পর তিসা-বৈরাগড় রুটের চালুজ বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে গড়িয়ে পড়ে এবং নীচের রাস্তায় গিয়ে আছড়ে পড়ে।
মৃতদের মধ্যে বাসের চালক ও কনডাক্টর রয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি রাস্তায় অতিরিক্ত সতর্কতা নেওয়ার জন্য চালকদের বারবার নির্দেশ দেওয়া হলেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।

