অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ডে টানা ছাত্র আন্দোলনের চাপের মুখে অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দুপুরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের পদত্যাগপত্র পাঠান।

প্রধান তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধাশীল। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করাই আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। আমাকে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি-সহ ছাত্র সংগঠনগুলি আন্দোলন চালাচ্ছিল। তাঁদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এর পাশাপাশি আন্দোলনকারীরা আরও দুটি দাবি জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া। নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রদের পরিবারের জন্য ক্ষতিপূরণ।

শুক্রবার সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবি মেনে নিলেও প্রধানের ইস্তফা নিয়ে নীরব ছিল। শনিবার তাঁর পদত্যাগের মাধ্যমে সরকারের কাছে আন্দোলনকারীদের সব দাবি পূর্ণ হলো।

About The Author