কলকাতা: বাঙালির দুর্গাপুজো মানেই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। গ্রাম থেকে শহর, প্রজন্ম থেকে প্রজন্ম, তাঁর চণ্ডীপাঠ ছাড়া মহালয়া যেন অসম্পূর্ণ।
আজ, ৪ অগস্ট ২০২৬, তাঁর জন্মের ১২১ বছর পূর্ণ হলো। ১৯০৫ সালে কলকাতার আহিরীটোলায় জন্মেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ঠাকুরমা যোগমায়া দেবীর কাছে সংস্কৃত শিক্ষা, মাত্র আট বছর বয়সে শুরু হয় তাঁর চণ্ডীপাঠ।
কর্মজীবনের শুরুটা হয়েছিল রেলওয়ে সদর দফতরে, কিন্তু রেডিয়োর প্রতি টান তাঁকে নিয়ে যায় নতুন পথে। ১৯২৮ সালে ‘চিকিৎসা সংকট’ নাটক পরিচালনার মাধ্যমে রেডিয়োতে তাঁর যাত্রা শুরু হয়। এরপর মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানে তাঁর কণ্ঠস্বর বাঙালির সংস্কৃতিতে যুগান্তকারী অধ্যায় হয়ে ওঠে।
১৯৯১ সালে বাংলা হারায় তার প্রিয় কণ্ঠকে। কিন্তু আজও প্রতিটি মহালয়ার সকালে তাঁর দরাজ কণ্ঠে দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার ভোরে যে কণ্ঠে বাঙালির ঘুম ভাঙে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২১তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। তিনি শুধু একজন মানুষই নন, বাঙালির পুজো সংস্কৃতির চিরন্তন প্রতীক।

