জলপাইগুড়ি: আগামী ২০ বছর সরকার বদলের সম্ভাবনা নেই। কেন্দ্রে এবং রাজ্যে থাকবে বিজেপি। জলপাইগুড়িতে বড় দাবি শমীক ভট্টাচার্যের। সঙ্গে নিচু স্তরের কর্মীদের হুঁশিয়ারি, তৃণমূল ভাঙ্গিয়ে বিজেপিতে নেওয়া চলবে না। এখন দরজা বন্ধ।
উপনির্বাচনের দিনই জলপাইগুড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি। পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে একাধিক ইস্যুতে বললেন শমীক ভট্টাচার্য। এদিন তিনি দাবি করেন, আগামী ২০ বছর কেন্দ্র এবং রাজ্যে বিজেপির সরকার থাকবে।
সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে করা এক মন্তব্য প্রসঙ্গে এই কথা বলেন তিনি। শমীক ভট্টাচার্য বলেন, আগামী ২০ বছরের মধ্যে কেন্দ্রে বা রাজ্যে সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। মোদী ভেদাভেদ করেন না। সবাই অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, আয়ুস্মান পাচ্ছেন, তাই সঙ্গে থাকলে সুবিধা পাবেন। অন্যথায় সমস্যায় পড়তে হবে।
পাশাপাশি দলবদল প্রসঙ্গে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানান, বর্তমানে নিচুতলার তৃণমূল কর্মীদের ভাঙিয়ে বিজেপিতে নেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, দলের কোনও কর্মী বা নেতা যদি দলীয় নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

