বাংলার কয়েকজন ইনফ্লুয়েন্সার বিজেপির কাছ থেকে টাকা নিয়ে প্রচার করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চার মাঝেই সরব হলেন আরজে প্রিয়াঙ্কা। এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে প্রশ্ন তোলেন, ঠিক কোন ভিডিও বা পোস্টে তাঁকে বিজেপির প্রচার করতে দেখা গিয়েছে, তার প্রমাণ দেখানো হোক।
প্রিয়াঙ্কা লিখেছেন, তাঁর কোনও পোস্টে বিজেপির পক্ষে ভোট চাওয়ার আহ্বান নেই, তৃণমূলের বিরুদ্ধেও কটূক্তি নেই। তিনি দাবি করেন, নির্বাচনের আগে বন্দে ভারত ট্রেন এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে তথ্যভিত্তিক কিছু প্রচারমূলক কনটেন্ট তৈরি করেছিলেন। তবে সেখানে কোনও রাজনৈতিক দলের নাম নেওয়া হয়নি কিংবা ভোটে প্রভাব ফেলার মতো বার্তাও ছিল না।
তাঁর আরও দাবি, ভাইরাল হওয়া একটি ছবি নির্বাচনের পর ‘বিকশিত ভারত’ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে তোলা হয়েছিল। সেটির সঙ্গে বর্তমান বিতর্কের কোনও সম্পর্ক নেই।
প্রিয়াঙ্কার বক্তব্য, “আমি কোনওদিন বেটিং বা গেমিং অ্যাপের প্রচারও করিনি। দর্শকদের বিশ্বাস ভেঙে রাজনৈতিক স্বার্থে কাজ করার প্রশ্নই ওঠে না।” তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি কোনও অ্যাপ, প্রকল্প বা কর্মসূচির প্রচারের জন্য অর্থ দেওয়া হয়ে থাকে, সেই অর্থের উৎস কী ছিল? বিজেপিই বা টাকা দেবে কেন? নেটমাধ্যমে বিতর্ক তুঙ্গে।

