কলকাতা: ‘তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে, অথচ CID বলছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের হুঁশ নেই কেন?’ প্রশান্ত প্রসঙ্গে জোর প্রশ্ন তুললেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
গত বছর বিধাননগরের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। সেই থেকে তিনি বেপাত্তা। জানুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি। এর মধ্যে একবার পথসুরক্ষা আইন ভেঙে গ্রেফতার হলেও পরের দিনই জামিনে মুক্তি পান।
জুলাই মাসে খুনের তদন্তভার হাতে নেয় সিআইডি। কিন্তু এখনও পর্যন্ত প্রশান্তের খোঁজ মেলেনি। অভিযোগ উঠেছে, তিনি নিখোঁজ থাকলেও সরকারি কর্মচারী হিসেবে প্রতি মাসে বেতন নিচ্ছেন।
এই নিয়েই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিআইডি-কে ভর্ৎসনা করেন। তিনি প্রশ্ন তোলেন—“সরকারি কর্মচারী হিসেবে প্রতি মাসে বেতন নিচ্ছেন, অথচ সরকার বলছে তিনি নিরুদ্দেশ। কতটা বিশ্বাসযোগ্য?” বিচারপতির আরও মন্তব্য, “বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, অথচ সিআইডি বলছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের হুঁশ নেই কেন?”

