জলপাইগুড়ি: কারও বাচ্চা হোক কিংবা বিয়ে, জোর করে বাড়িতে ঢুকে টাকা আদায়ের অভিযোগ থাকে তাঁদের বিরুদ্ধে। এবার জলপাইগুড়িতে বৃহন্নলাদের ডেরায় বিএসএফ ও পুলিশের বড়সড় অভিযান। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। বাংলাদেশি সিম নথিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনী। তিনটি বাড়ির ছাদে বিএসএফ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে খবর, প্রায় সাত-আট বছর ধরে ওই এলাকায় ৩০ থেকে ৫০ জন বৃহন্নলা বসবাস করছেন।
কয়েক বছরের মধ্যেই তাঁদের বিরাট সম্পত্তি গড়ে ওঠে। সম্প্রতি মনসা পুজো উপলক্ষে বড়সড় আয়োজনও করেছিলেন তাঁরা। সব মিলিয়ে তাঁদের কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
অভিযানে ধৃত পিপাসা হালদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ, দুটি বাংলাদেশি সিম এবং একটি বাংলাদেশ সরকারের জন্ম শংসাপত্র। এছাড়াও বিদেশি টাকা ও প্রায় ২০ লক্ষ টাকার দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে বলে খবর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে এই বৃহন্নলাদের বাড়িতে অনেকের আসা-যাওয়া ছিল বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। এই চত্বরকে বৃহন্নলাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

