‘এসব করে কি হবে?’, ‘পাগলামি ছাড়া আর কিছু নয়’, লোকের মুখ থেকে অনেক কথা শুনতে হয়েছিল। সেই ছেলের কীর্তি চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ডাক পেলেন নেদারল্যান্ড-এর উদ্যোক্তা থেকে।
মধ্যপ্রদেশের রেওয়া জেলার যুবক সুরেন্দ্র সিং চৌধুরী, যাকে সকলে সোশ্যাল মিডিয়ায় ‘বিট্টু তবাহি’ নামে চেনে, নিজের উদ্যোগে নদী পরিষ্কার করে বিশ্বজোড়া নজর কাড়লেন। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে, হাতে কোদাল আর গ্লাভস পরে তিনি আজনার নদীর তীর থেকে জঞ্জাল সরিয়ে ফেলেন। তাঁর পোস্টে নদীর ‘আগে’ ও ‘পরে’ অবস্থার ছবি ভাইরাল হয়।
এই ভিডিও ও ছবি দেখে নেদারল্যান্ডসের পরিবেশ সংরক্ষণ সংস্থা The Ocean Cleanup-এর সিইও বোয়ান স্ল্যাট তাঁকে সরাসরি চাকরির অফার দেন। কোনও সরকারি কর্মসূচি নয়, বরং নিজের খরচে সরঞ্জাম জোগাড় করে তিনি এই কাজ করেছেন। লোকজন প্রথমে তাঁকে ‘পাগলামি’ বললেও, আজ তাঁর এই উদ্যোগই তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। এক ডাচ কোম্পানিতে কাজের ডাক পাওয়া তাঁর জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠল।
যুবকের কীর্তি ভাইরাল হওয়ার পর দেশের অনেকেই বাহ বাহ করছেন। তবে আগে স্থানীয়রা যুবকের কাজ ফিরেও দেখত না। তবে যুবকের কীর্তি প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টিকে ট্রেন্ড হিসেবেও নিয়েছেন। নিজ নিজ এলাকার জলাশয় পরিস্কার করতে পথে নেমেছে।

