জলপাইগুড়ি: সিকিম পাহাড়ে ধস, তিস্তা নদীর প্রবাহ আংশিকভাবে বাধাপ্রাপ্ত হওয়ায় তৈরি হয়েছে হড়পা বানের আশঙ্কা। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে মাইকিং শুরু হয়েছে প্রশাসনের তরফে।
ধসের ঘটনায় মঙ্গন জেলার প্রশাসন জানিয়েছে, ৫ ও ৬ সেপ্টেম্বরের মধ্যরাতে নাগা–তোসা রোডের নতুন কাটিংয়ের কাছে নাগা ফরেস্ট এলাকায় ধস নেমেছে। ধসের ফলে তিস্তা ও চ্যাকুং নদীর জলপ্রবাহ আংশিকভাবে আটকে যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তিস্তার প্রবাহ স্বাভাবিক থাকলেও নদীতে জল জমে রয়েছে। সঙ্কালাং ও ফিদাং এলাকায় জলস্তর স্বাভাবিক থাকলেও জল ঘোলা। পুলিশ ও প্রশাসনের কর্মীরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। সম্পত্তির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুলিশ কন্ট্রোল রুমকে নির্দেশ দেওয়া হয়েছে ভাটির ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে সতর্ক করতে। গজলডোবায় মাইকিং চালাচ্ছে প্রশাসন।
চুংথাং থানার পুলিশ ও থেং এলাকার কর্মীরা ঘটনাস্থল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মঙ্গন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের জায়গা ও তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল ক্রমাগত নজরদারিতে রাখা হচ্ছে। বিস্তারিত মূল্যায়নের পর আরও আপডেট দেওয়া হবে।

