৩০০ ফুট টাওয়ার থেকে নামার শর্ত পোস্ত দিয়ে কুমড়ো ভাজা, অতঃপর …

টাওয়ার থেকে নামার শর্ত একটাই, ‘পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা’। হতবাক পুলিশ। যুবকের কাণ্ডকে ঘিরে হইচই পড়ে শহর শিলিগুড়িতে।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বুধবার বিকেলে যেন থ্রিলার ছবির শুটিং চলছিল। বিএসএনএলের পুরনো ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসে পড়েন এক যুবক। লাল-গেরুয়া জামা গায়ে, পা ঝুলিয়ে দিব্যি শহর দেখছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে আসে।

উদ্ধারকাজে প্রথমে নানা পরিকল্পনা ব্যর্থ হয়। ড্রোনের মাধ্যমে যোগাযোগ করলে যুবক জানায়, টাওয়ার থেকে নামার শর্ত একটাই— ‘পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা’। এমন অদ্ভুত দাবি শুনে হতবাক পুলিশ। পরে শহরের পর্বতারোহী নিহাল সরকার ও তাঁর অ্যাডভেঞ্চার টিম উদ্ধার কাজে যোগ দেন। টাওয়ারে উঠে যুবকের সঙ্গে কথা বললেও তিনি আবার নতুন দাবি করেন—চপার বা হেলিকপ্টারে ঘুরতে চান।

অবস্থা বুঝে নিহাল সরকার তাঁকে শক্তপোক্তভাবে বেঁধে স্ট্রেচারের মতো ঝুলিয়ে নামানোর ব্যবস্থা করেন। চার ঘণ্টার টানটান উত্তেজনার পর অবশেষে নিরাপদে মাটিতে নামানো হয় ওই যুবককে। তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

About The Author