মেয়েদের স্কুলের খরচ চালাতে বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করেন তিনি। মাইনে জোগাড় করতে ম্যারাথনে সামিল মা!
মহারাষ্ট্রের বীড় জেলার অম্বাজোগাই গ্রামের বাসিন্দা রমাবাই রণবীর জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করছেন কন্যাদের পড়াশোনার জন্য। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করে সংসার চালান, কিন্তু মেয়েদের পড়াশোনা থেমে যাক—এমনটা কখনও চাননি।
সম্প্রতি মেয়েদের স্কুলের মাইনে জোগাড় করতে না পেরে তিনি অংশ নেন অম্বাজোগাই শহরের খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘অমৃত দৌড়’ ম্যারাথনে। পুরস্কারমূল্য ছিল ৩০০০ টাকা।
শাড়ি পরে, হাতে ক্ষয়ে যাওয়া একজোড়া চটি নিয়ে খালি পায়ে দৌড় শুরু করেন রমা। শুরুতে অনেকেই তাঁকে দেখে অবাক হলেও দৌড় শুরু হতেই একে একে প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত জয়ী হয়ে পুরস্কারের টাকা হাতে পান। সেই অর্থ দিয়ে মেয়েদের স্কুলের মাইনে মেটাবেন রমা। তাঁর এই সংগ্রামী জয় শুধু কন্যাদের পড়াশোনার পথ খুলে দিল না, সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করল।

