বিমা ছাড়া মিলবে না পেট্রল? কেন্দ্রকে প্রস্তাব সুপ্রিম কোর্টের!

দেশের রাস্তায় বেপরোয়াভাবে চলা বিমাহীন গাড়ির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রস্তাব অনুযায়ী, বৈধ মোটর বিমা না থাকলে কোনও গাড়িকে পেট্রল বা ডিজেল দেওয়া যাবে না।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়াকে যৌথভাবে একটি পাইলট প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই প্রকল্পে পেট্রল পাম্পে জ্বালানি দেওয়ার আগে গাড়ির বিমার বৈধতা যাচাই করা হবে।

যদি কোনও গাড়ি বিমাহীন বলে চিহ্নিত হয়, তবে তাকে জ্বালানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে এই মুহূর্তে দেশজুড়ে সমস্ত পেট্রল পাম্পে এই নিয়ম কার্যকর হচ্ছে না। বিষয়টি কেবলমাত্র একটি প্রাথমিক পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু হবে।

আদালতের মতে, বাধ্যতামূলক থার্ড-পার্টি বিমা আইন কার্যকর করতেই এই পদক্ষেপ। এর ফলে সড়ক সুরক্ষা জোরদার হবে এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ নিশ্চিত করা যাবে। বিমাহীন গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদার করতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রথমত, অ্যান্টি-প্লেট নম্বর রিকগনিশন (ANPR) ক্যামেরা সরাসরি ‘বাহন’ এবং বিমা ডেটাবেজের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। এর ফলে রাস্তায় চলাচলকারী বিমাহীন গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে ই-চালান কাটা সম্ভব হবে।

দ্বিতীয়ত, ট্রাফিক পুলিশকর্মীদের হাতে বিশেষ মোবাইল অ্যাপ বা ডিভাইস তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাস্তায় দাঁড়িয়েই গাড়ির বিমার স্থিতি তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে।

তৃতীয়ত, নতুন গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক থার্ড-পার্টি বিমার মেয়াদ বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। চার চাকার নতুন গাড়ির ক্ষেত্রে বিমার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর এবং দু’চাকার ক্ষেত্রে পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

About The Author