অগাস্টে ঢুকছে না টাকা? অন্নপূর্ণায় বাতিল হচ্ছেন ‘অযোগ্য’রা

অগাস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় রাজ্যে ক্ষোভ বাড়ছে। জুনে সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। বহু মহিলার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকেছিল। জুলাইতেও টাকা এসেছিল। কিন্তু অগাস্টে অধিকাংশই টাকা পাননি বলে অভিযোগ উঠেছে।

প্রথম মাসে বিশেষ যাচাই ছাড়াই টাকা ছাড়া হয়েছিল, যাতে দ্রুত প্রকল্প চালু করা যায়। পরে দেখা যায়, অনেক আবেদনকারী যোগ্য হলেও টাকা পাননি। তাই এবার ঝাড়াই-বাছাই শুরু হয়েছে। ফর্মে দেওয়া তথ্য সত্য কি না, তা যাচাই করা হচ্ছে। যাঁরা ভুল তথ্য দিয়েছেন বা আয়-সম্পত্তি গোপন করেছেন, তাঁরা আর টাকা পাবেন না।

প্রশাসনের দাবি, যোগ্য আবেদনকারীদের চিন্তার কোনও কারণ নেই। তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছবে। যোগ্যরা আবার আবেদন করতে পারবেন।

কারা পাবেন না এই সুবিধা?

আয়কর দেন এমন মহিলারা, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিলারা এবং পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের জন্য ‘যোগ্য’ নন।

ফর্ম বাতিল হওয়ার কারণ

আধার বা ভোটার আইডির তথ্য ভুল দেওয়া হলে আবেদন বাতিল হবে। ২০২৬ সালের এসআইআর-এ নাম বাদ পড়লেও তা উল্লেখ না করলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারী ভারতীয় না হলেও ফর্ম বাতিল হবে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, যোগ্য আবেদনকারীরা যেন আবেদন বাতিল হলেও আবার আবেদন করেন। নথিতে ভুল থাকলে তা সংশোধন করে পুনরায় আবেদন করা যাবে। আগামী দু’মাস পর্যন্ত নতুন আবেদন গ্রহণের সুযোগ থাকবে।

About The Author